বাসন থানার বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ
মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ২২ আগস্ট ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতি প্রস্তুতি মামলার তদন্তে সন্দেহভাজন, সিআর পরোয়ানাভুক্ত এবং জিএমপি অধ্যাদেশ প্রসিকিউশনের মোট ৭ জন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের পরবর্তীতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ডাকাতি প্রস্তুতি সংক্রান্ত একটি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে কুখ্যাত ছিনতাইকারী মোঃ মিনারুল ইসলাম ওরফে বাবু (২৬), মোঃ পারভেজ হাসান (২৫), নয়ন শেখ (৩০) এবং হিমেল (২২) কে গ্রেফতার করা হয়। এদের মধ্যে মিনারুল ইসলাম একটি জিআর ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানা গেছে।
এছাড়া সিআর পরোয়ানাভুক্ত আসামি মোঃ নুর ইসলাম (৪০) কে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে জিএমপি অধ্যাদেশ প্রসিকিউশনের আওতায় ইরফান (৩৮) ও আনোয়ার হোসেন (৩৫) কে আটক করা হয়।
বাসন থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে বাসন থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
স্থানীয় বাসিন্দারা পুলিশের এ ধরনের অভিযানের প্রশংসা করে বলেন, নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে এলাকায় অপরাধ প্রবণতা হ্রাস পাবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা আরও নিশ্চিত হবে।
গাজীপুর মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও বিশেষ অভিযান জোরদার করা হবে।