রবিবার, ২৩ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কনিকার পরিবার পাশে স্বাস্থ্যমন্ত্রী, ফরিদপুরের চিকিৎসাকেন্দ্র পরিদর্শনের গুঞ্জন

মামুন মিঞা
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ০৮:৪৭ pm
১১
কনিকার পরিবার পাশে স্বাস্থ্যমন্ত্রী, ফরিদপুরের চিকিৎসাকেন্দ্র পরিদর্শনের গুঞ্জন

ফরিদপুরের সমরিতা হাসপাতালে চিকিৎসকের অবহেলায় কনিকা রানী নামে এক রোগীর মৃত্যুর অভিযোগের ঘটনায় নিহতের পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওত হোসেন। নিহতের স্বজনদের সমবেদনা জানাতে তিনি রাজবাড়ীর বালিয়াকান্দিতে কনিকা রানীর নিজ বাড়িতে যান।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ফরিদপুরের সমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কনিকা রানীর মৃত্যু হয়। মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগ তোলা হয়। বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীর নজরে এলে তিনি নিহতের পরিবারের খোঁজখবর নিতে বালিয়াকান্দিতে তাঁদের বাড়িতে যান।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি তিনি পরিবারের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

এদিকে কনিকা রানীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে স্বাস্থ্যমন্ত্রী ফরিদপুর শহরে আসতে পারেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্থানীয় একটি সূত্রের দাবি, সম্ভাব্য সফরে তিনি ফরিদপুরের সমরিতা হাসপাতালসহ শহরের কয়েকটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সরেজমিনে পরিদর্শন করতে পারেন।

তবে স্বাস্থ্যমন্ত্রীর ফরিদপুর সফর কিংবা বেসরকারি চিকিৎসাকেন্দ্র পরিদর্শনের বিষয়ে এখন পর্যন্ত সরকারি বা সংশ্লিষ্ট কোনো দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

কনিকা রানীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং চিকিৎসাসেবায় অনিয়ম-অবহেলার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অনেকে।

স্বাস্থ্যমন্ত্রীর নিহতের পরিবারের পাশে দাঁড়ানো এবং সম্ভাব্য ফরিদপুর সফরের খবরে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বেসরকারি চিকিৎসাকেন্দ্রগুলোর অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে—এমন প্রত্যাশা করছেন স্থানীয়রা।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!