ঢাকার সাভারে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি, ছোরা ও বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
বৃহস্পতিবার (২০ আগস্ট ) রাত সাড়ে ৭টার দিকে সাভার থানাধীন রাজাসন পালোয়ান পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মোঃ রাসেল বাবু (২২) এবং মোঃ সজীব মিয়া (২১)।
ঢাকা জেলা ডিবি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রাজাসন পালোয়ান পাড়া এলাকায় ডিবি-উত্তরের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল (আমেরিকান), একটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি, একটি শর্টগানের কার্তুজ এবং কভারসহ একটি বিদেশি ছোরা (নেপালী) উদ্ধার করা হয়।
এছাড়া অভিযানে ৩০০ গ্রাম হেরোইন, পাঁচ বোতল ফেয়ারডিল সিপার এবং ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। পুলিশের হিসাবে উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা, ফেয়ারডিল সিপারের মূল্য প্রায় ১৫ হাজার টাকা এবং গাঁজার আনুমানিক মূল্য ৬ হাজার টাকা।
অভিযানকালে দুটি সিসিটিভি ক্যামেরা ও একটি ডিভিআরও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে—একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি, একটি শর্টগানের কার্তুজ, কভারসহ একটি বিদেশি ছোরা, ৩০০ গ্রাম হেরোইন, পাঁচ বোতল ফেয়ারডিল সিপার, ২০০ গ্রাম গাঁজা, দুটি সিসিটিভি ক্যামেরা ও একটি ডিভিআর।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার দুজন পেশাদার মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তবে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়ায় পরবর্তী সিদ্ধান্ত হবে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ।