ভূরুঙ্গামারীতে এক কৃষকের বাড়ি থেকে ১৭ ফুট উচ্চতার একটি পরিপক্ব গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ।
রোববার উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের দুর্গম ইসলামপুর চরে অভিযান চালিয়ে গাছটি উদ্ধার করা হয়। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও থানার ওসি মো. আজিম উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, কৃষক ও মাদক কারবারি বাদশা মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে গাঁজা গাছটি উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাদশা গাছটি কেটে নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করলেও পুলিশ তা উদ্ধার করে। তবে বাদশা পালিয়ে যায়।
এ সময় তার বাড়িতে থাকা ছেলে ফারুককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। দুর্গম এলাকায় অবস্থান করেও মাদক কারবারিদের পুলিশের চোখ ফাঁকি দেওয়ার সুযোগ নেই। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।