নরসিংদী মনোহরদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে অভিযান চালিয়ে হানি ট্র্যাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হানি ট্র্যাপের শিকার এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে এ চক্রের আরও দুই সদস্য কৌশলে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ আগস্ট)রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মনোহরদী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর বাদশা,র দিকনির্দেশনায় এসআই মোহাম্মদ হাসান, এএসআই সালাউদ্দিনসহ সঙ্গীয় ফোর্স মনোহরদী থানাধীন চকমাধবদী এলাকায় মাহবুবের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে হানি ট্র্যাপের সদস্য হিসেবে অভিযুক্ত সাহারিয়া শেখ (২৪), জুনায়েদ হাসান (২৬), তাহমিনা আক্তার (২৪) ও মাহমুদুল হাসান ওরফে নাদিম (২৫)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় মাহবুব (২৪) ও মাকসুদ (২৫) কৌশলে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
অভিযানস্থল থেকে মো. শফিকুল দর্জি (৩৪) নামে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। তিনি নরসিংদীর শিবপুর উপজেলার সাদারচর ইউনিয়নের চরখুপী গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় মনোহরদী থানায় ১২ আগস্ট ২০২৬ তারিখে মামলা নং-১৩ দায়ের করা হয়েছে। মামলায় দণ্ডবিধি, ১৮৬০-এর ৩৪২/৩২৩/৩৮৫/৩৮৬/৫০৬/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পলাতক দুই সদস্যকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।