ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শাহিন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
সোমবার (১০ আগস্ট) রাত ৯টা ১০ মিনিটের দিকে আশুলিয়া থানাধীন কবিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মো. রাশেদ মিয়া সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে কবিরপুর এলাকা থেকে মোঃ শাহিনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন প্রায় ৩৪০ গ্রাম। পুলিশের হিসাব অনুযায়ী, এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ২০ হাজার টাকা।
গ্রেপ্তার শাহিন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার গানপুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম হাবিবুর রহমান।
পুলিশ জানায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কবিরপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।