অভিজিত শীল,নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় পাঁচজন গুণী শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়।
সোমবার নাচোল উপজেলা প্রশাসন ও শিক্ষা কমিটির যৌথ আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা 'এসেডো' ও 'গণস্বাক্ষরতা অভিযান'-এর সহযোগিতায় দিবসটি পালিত হয়। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রিয়াংকা দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান। সোনাইচণ্ডী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক ওবাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দীন খান।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাচোল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি তাজামুল হক, সাবেক সভাপতি আব্দুর রহিম, উপজেলা শিক্ষা অফিসার মজনু মিঞা এবং বেগম মহসিন ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফাজ্জল হোসেন।
অনুষ্ঠানে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক (কলেজ), মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ উপজেলার পাঁচজন গুণী শিক্ষকের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এতে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং উন্নয়ন সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।