গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রাপ্ত সংবর্ধনার ফুল এক শিশুর হাতে তুলে দিয়ে এক অনন্য মানবিক ও সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছেন সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু।
শুক্রবার (২ অক্টোবর) পোরশা জাতীয় আদিবাসী পরিষদ কর্তৃক আয়োজিত জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু। অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে তাঁকে সম্মাননা ও শুভেচ্ছা হিসেবে একটি ফুল প্রদান করে বরণ করে নেওয়া হয়।
সম্মাননা গ্রহণের পর পরই তিনি হাস্যোজ্জ্বল মুখে সেই ফুলটি অনুষ্ঠানস্থলে উপস্থিত এক আদিবাসী শিশুর হাতে তুলে দেন এবং শিশুটিকে আদর ও স্নেহ জানান। রাজনীতিবিদ লাবু চৌধুরীর এই সাধারণ অথচ তাৎপর্যপূর্ণ অঙ্গভঙ্গি উপস্থিত অতিথি ও সাধারণ মানুষের নজর কাড়ে।
এ বিষয়ে সারোয়ার জাহান চৌধুরী লাবু বলেন, "শিশুরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। রাজনৈতিক বা সামাজিক যেকোনো মেলবন্ধনের মূল লক্ষ্য হওয়া উচিত একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা। আদিবাসী সম্প্রদায়সহ সকল মানুষের মাঝে ভালোবাসা ও সামাজিক সম্প্রীতি ছড়িয়ে দিতেই এই ছোট্ট উপহার।"
অনুষ্ঠানে জাতীয় আদিবাসী পরিষদের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধি এবং রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। লাবু চৌধুরীর এই কায়দায় শুভেচ্ছা বিনিময়ের বিষয়টি স্থানীয় সাধারণ মানুষ ও উপস্থিত সুধীজনদের কাছে বেশ প্রশংসিত হয়েছে।