ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদর বাজারে তিনটি ফার্মেসিতে অভিযান চালিয়ে নিম্নমানের ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলা সদর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জরিমানার মুখে পড়ে রায় ফার্মেসি, নিউ রত্না ফার্মেসি ও ঠাকুর ড্রাগ হাউস।
অভিযান সূত্রে জানা যায়, ফার্মেসিগুলোতে তল্লাশি চালিয়ে নিম্নমানের ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এ ছাড়া ওষুধ ক্রয়ের বৈধ পাকা ইনভয়েসও দেখাতে পারেনি প্রতিষ্ঠানগুলো।
এসব অনিয়মের দায়ে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় তিনটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অঙ্কে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জনস্বাস্থ্য সুরক্ষায় ওষুধের গুণগত মান বজায় রাখা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।









