মনোহরদীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার
মোঃ এমরুল ইসলাম
মনোহরদী(নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে মনোহরদী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চালাকচর ইউনিয়নের পূর্ব চালাকচর এলাকার বাসিন্দা মোঃ জাকির হোসেন (৩৮) ইমাম উদ্দিনের বাড়ি সংলগ্ন ভুঁঞা বাড়ি প্রাইমারি স্কুলগামী ইটের সলিং সড়কে কয়েকজন সহযোগীকে নিয়ে ইয়াবা ক্রয়-বিক্রয় করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলামের নির্দেশনায় এসআই মোহাম্মদ শহীদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে জাকির হোসেনকে ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। তবে তার সঙ্গে থাকা অন্যান্য সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এলাকাকে মাদকমুক্ত করাই পুলিশের লক্ষ্য।
