বগুড়ায় বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক পলাতক
মাল্টিমিডিয়া রিপোর্টার :
বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল জামালপুর মধ্যপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে অনশন করছেন এক তরুণী। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকাল থেকে তিনি এই অনশন শুরু করেন।
জানা গেছে, মধ্যপাড়ার বাসিন্দা আব্দুল গণির ছেলে সিয়াম সাহেদের সঙ্গে প্রায় ছয় মাস ধরে ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল।
তরুণীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সিয়াম সাহেদ তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। কিন্তু বর্তমানে তিনি সেই সম্পর্ক অস্বীকার করছেন এবং বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছেন। এ ঘটনায় সিয়ামের পরিবারও সম্পর্কটি মেনে নিচ্ছে না।
এ অবস্থায় বাধ্য হয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এসে অনশন শুরু করেছেন ওই তরুণী। তিনি জানান, বিয়ে না করলে আত্মহত্যার মতো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন।
এদিকে ঘটনার পর থেকেই সিয়াম সাহেদ পলাতক রয়েছেন। তার বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সাবেক ইউপি সদস্য আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল জানান, এখন পর্যন্ত ভুক্তভোগী তরুণী থানায় কোনো লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
