ইতিহাস গড়ে লা লিগার নতুন মৌসুম শুরু করল রিয়াল মাদ্রিদ। গতকাল রাতে রিয়াল ভালো ফুটবল খেললেও জয়ের জন্য নির্ভর করতে হয়েছে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি গোলের ওপর। ৫১ মিনিটে করা সেই গোলেই নিশ্চিত হয় রিয়ালের ১–০ গোলের জয়। লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে পেনাল্টি গোলের মাধ্যমে এই প্রথম জিতল মাদ্রিদের ক্লাবটি।
লা লিগার ইতিহাসে নিজেদের প্রথম ম্যাচে পেনাল্টি গোলে ক্লাবগুলোর জয়ের ঘটনা এর আগে ঘটেছে চারবার। ১৯৯০ সালে রিয়াল সোসিয়েদাদ জিতেছিল জন অ্যালড্রিজের গোলে, ২০১৭ সালে লেভান্তের জয়ে পেনাল্টি থেকে গোল করেছিলেন জোসে লুইস মোরালেস এবং ২০২১ ও ২০২২ সালে ভ্যালেন্সিয়া মৌসুম শুরু করেছিল কার্লোস সোলারের পেনাল্টি গোলে জিতে। এবার সেই তালিকায় নাম লিখিয়েছে রিয়াল।
এ জয়ের মাধ্যমে নিজেদের গড়া একটি রেকর্ডই ভাঙল রিয়াল। লা লিগার ইতিহাসে টানা ১৭ মৌসুমে প্রথম ম্যাচে অপরাজিত থাকার নজির এখন একমাত্র রিয়ালের। ২০০৯ থেকে শুরু হওয়া এ ধারাবাহিকতা এখনো অব্যাহত। এর আগে সর্বোচ্চ টানা ১৬ মৌসুমে (১৯৬১ থেকে ১৯৭৬) নিজেদের প্রথম ম্যাচে অপরাজিত থাকার কৃতিত্বও ছিল রিয়ালের দখলে।
