দাউদকান্দিতে মারুকা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম গ্রেফতার
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সওদাগর (৫৭) কে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
আজ সোমবার (১ জুন) ভোররাতে তাঁর নিজ বাড়ি চক্রতলা থেকে তাঁকে আটক করা হয়। গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম সওদাগর ইউনিয়নের চক্রতলা গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে।
দাউদকান্দি মডেল থানা পুলিশ সূত্র জানিয়েছে,সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ধারায় দাউদকান্দি মডেল থানার একটি সুনির্দিষ্ট মামলায় (মামলা নং- ৩০(০৯)২০২৫) এজাহারভুক্ত আসামি হিসেবে তাঁকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আজই তাঁকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে জাহাঙ্গীর আলমের পরিবারের সদস্যরা প্রশাসনের এই ভূমিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তাঁদের অভিযোগ, গতকাল রবিবার দিবাগত শেষ রাতে (ভোররাতে) কোনো ওয়ারেন্ট ছাড়াই পুলিশ তাঁকে বাসা থেকে তুলে নিয়ে যায়। অভিযানের সময় ইউনিফর্ম পরিহিত এবং সাদা পোশাকের একাধিক পুলিশ সদস্যরা দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে কথা বলার নাম করে ওনারে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যায়।
পরিবারের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কোনো ওয়ারেন্ট ছাড়াই ওসির কথা বলার অজুহাতে তাঁকে জোরপূর্বক তুলে নেওয়া হয় এবং পরবর্তীতে মামলা দেখিয়ে কুমিল্লা কারাগারে প্রেরণ করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, জাহাঙ্গীর আলম সওদাগর এলাকার বিভিন্ন সামাজিক সংগঠন ও উন্নয়নমূলক কাজের সাথে দীর্ঘ দিন ধরে জড়িত। তিনি চক্রতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া দাউদকান্দি উপজেলার অন্যতম বিদ্যাপীঠ চিনামূড়া এল. এন. উচ্চ বিদ্যালয়ে টানা তিনবার নির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি উপজেলা সমবায় সমিতির (ইউসিসি) ডাইরেক্টর হিসেবে দুইবার নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন এবং অতীতে দুইবার জনপ্রতিনিধি নির্বাচনেও অংশ নিয়েছিলেন। এছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের আমলে টানা ৮ বছর মারুকা ইউনিয়নে ১০ টাকা কেজি চালের হতদরিদ্র কর্মসূচির ডিলার হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।