সিরাজগঞ্জ ঈদ-পরবর্তী যাত্রায় ব্যস্ত যমুনা সেতু, একদিনে পারাপার ৩৫ হাজার ৩৯২ যানবাহন
জলিলুর রহমান জনি
সিরাজগঞ্জ প্রতিনিধি
পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষ নিজ নিজ কর্মস্থলের উদ্দেশ্যে ফিরতে শুরু করেছেন। এর প্রভাবে উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুতে বেড়েছে যানবাহন পারাপারের চাপ। বিশেষ করে ঢাকামুখী লেনে যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
যমুনা সেতু সাইট অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১ জুন) সর্বশেষ ২৪ ঘণ্টায় সেতুর পশ্চিম প্রান্ত দিয়ে, অর্থাৎ ঢাকামুখী লেনে মোট ২২ হাজার ৯৭১টি যানবাহন পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ১৮ লাখ ৪২ হাজার ৮৫০ টাকা।
অন্যদিকে সেতুর পূর্ব প্রান্ত দিয়ে, অর্থাৎ উত্তরবঙ্গগামী লেনে ১২ হাজার ৪২১টি যানবাহন চলাচল করেছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ৮৯ লাখ ৩৯ হাজার ১৫০ টাকা।
দুই প্রান্ত মিলিয়ে গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু ব্যবহার করেছে মোট ৩৫ হাজার ৩৯২টি যানবাহন। একই সময়ে সেতু থেকে মোট টোল আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৭ লাখ ৮২ হাজার টাকা।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদ-পরবর্তী সময়ে ঢাকামুখী যানবাহনের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। সেতুর উভয় প্রান্তে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সার্বক্ষণিক নজরদারিও অব্যাহত রয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় ২২ জেলার মানুষের সড়কপথে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম যমুনা সেতু। ঈদের আগে ঘরমুখী যাত্রীদের চাপ থাকলেও ঈদ শেষে কর্মস্থলমুখী মানুষের যাত্রা শুরু হওয়ায় সেতুতে যানবাহনের সংখ্যা আবারও বাড়তে শুরু করেছে। তবে এখন পর্যন্ত সেতুর উভয় প্রান্তে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং কোনো বড় ধরনের যানজটের খবর পাওয়া যায়নি।
