মো গিয়াসউদ্দিন উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি প্রশাসনে নতুন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন হাছিবুর রহমান পরাগ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে উখিয়া উপজেলা ভূমি অফিসে তাঁর নতুন কর্মস্থলে যোগদান করেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবাগত এই কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়।
জানা গেছে, ৪১তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা হাছিবুর রহমান পরাগ প্রশাসন ক্যাডারে যোগদানের পূর্বে রূপালী ব্যাংক পিএলসিতে সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ব্যাংকিং খাতের দীর্ঘ অভিজ্ঞতা পেরিয়ে এবার মাঠ প্রশাসনে জনসেবায় তাঁর নতুন পথচলা শুরু হলো।
এদিকে, নবাগত সহকারী কমিশনার (ভূমি) হাছিবুর রহমান পরাগের যোগদানে উখিয়ার ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা ফিরে আসবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে সাধারণ মানুষের হয়রানিমুক্ত ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন—এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।









