শ্রীপুর চৌরাস্তায় শ্রমিক আন্দোলনের আড়ালে দোকানপাট ভাঙচুর, নিন্দার ঝড়
গাজীপুর থেকে মোঃ মহিন উদ্দিন এর তথ্য চিত্রে
শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন কি অন্যের ক্ষতি করার জন্য? নাকি নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে শ্রীপুর চৌরাস্তার সাধারণ ব্যবসায়ী ও সচেতন মহলের মধ্যে।
শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে শ্রীপুর চৌরাস্তায় দোকানপাট ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন অবশ্যই যৌক্তিক এবং তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করার পূর্ণ অধিকার রয়েছে। কিন্তু সেই আন্দোলনের নামে সাধারণ মানুষের ব্যবসাপ্রতিষ্ঠান ও সম্পদে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
একজন প্রকৃত শ্রমিক জানেন, দিন-রাত পরিশ্রম করে উপার্জিত অর্থ দিয়ে একটি ছোট দোকান গড়ে তুলতে কতটা কষ্ট করতে হয়। তাই অন্যের রুটি-রুজির ওপর আঘাত করার কষ্ট একজন শ্রমিকের অনুভব করার কথা সবচেয়ে বেশি।
যারা শ্রমিক আন্দোলনের নাম ব্যবহার করে সাধারণ মানুষের দোকানপাট ভাঙচুর, লুটপাট কিংবা অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ডে জড়িত, তারা কোনোভাবেই শ্রমিকদের প্রকৃত প্রতিনিধি হতে পারে না। এরা শ্রমিকের পরিচয় ব্যবহার করে শ্রমিক সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।
আমাদের প্রত্যাশা, শ্রমিকদের ন্যায্য দাবি আদায় হোক শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে। একই সঙ্গে সাধারণ ব্যবসায়ীদের জানমাল ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
মনে রাখতে হবে, দাবি আদায়ের আন্দোলন অধিকার প্রতিষ্ঠার জন্য, অন্যের স্বপ্ন ও জীবিকা ধ্বংস করার জন্য নয়।









