ফরিদপুরের সালথায় কৃষকদের জন্য বরাদ্দ করা ইউরিয়া সার অন্যত্র বিক্রির অভিযোগে এক সার ডিলারকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে মেসার্স খান এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ও সার ডিলার মো. মোমরেজ খান।
উপজেলা কৃষি কর্মকর্তা আহসানুল হাবিব আল আজাদ জানান, কৃষকদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ করা ইউরিয়া সার গুদামজাত না করে অন্যত্র বিক্রি করার অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযান চালানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ জানান, সালথার ফুলবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে বরাদ্দ করা ৪ টন ইউরিয়া সারের মধ্যে ২ টন অন্যত্র বিক্রি করার তথ্য পাওয়া যায়। এতে কৃত্রিম সারসংকট তৈরির অভিযোগে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(৩) ধারায় মেসার্স খান এন্টারপ্রাইজকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কৃষকদের জন্য বরাদ্দ করা সার নির্ধারিত নিয়মে বিতরণ নিশ্চিত করতে এবং কৃত্রিম সংকট রোধে প্রশাসনের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।