ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ২৭ লাখ ৪৫ হাজার টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ
মোঃ আশরাফ উজ্জ্বল কসবা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে ২৭ লাখ ৪৫ হাজার ৬৫০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
বৃহস্পতিবার (৯ জুলাই) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশের নির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”—এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি-এর দিকনির্দেশনা ও পরিকল্পনায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার আখাউড়া, মঈনপুর ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী ও শংকুচাইল বিওপি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভারতীয় বাসমতি চাল, রেডবুল এনার্জি ড্রিংকস, ফুসকা, শাড়ি, গরু, এসকাফ সিরাপ, মদ, বিয়ার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ২৭ লাখ ৪৫ হাজার ৬৫০ টাকা।
বিজিবি জানায়, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে তাদের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় পরিচালিত অভিযানে এসব অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।
