ঈদের দিনে যুবক খুন: তিনদিনেই রহস্য উদঘাটন, প্রধান আসামি কক্সবাজার থেকে গ্রেপ্তার
সিরাজগঞ্জে ঈদের দিন গলায় ছুরিকাঘাতে শাকিল (২৩) নামে এক যুবককে হত্যার ঘটনায় তিনদিনের মাথায় রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রধান আসামি মো. রাকিব (২৫) কে কক্সবাজারের চকরিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার রাকিব সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের গুপিরপাড়া গ্রামের হায়দার আলীর ছেলে। নিহত শাকিল একই ইউনিয়নের ভুরভুরিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
সোমবার (১ জুন) সিরাজগঞ্জ সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৮ মে ঈদের দিন সন্ধ্যায় সদর উপজেলার ছোনগাছা বাজারের চামেলী মোড় এলাকায় শাকিলকে গলায় ছুরিকাঘাত করে হত্যা করা হয়। ঘটনার পরপরই পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একাধিক টিম আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে।
গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকা থেকে প্রধান আসামি রাকিবকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পেছনে পূর্ব বিরোধের জের রয়েছে। কিছুদিন আগে ছোনগাছা বাজার এলাকায় দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে শাকিল ও তার বন্ধুদের সঙ্গে রাকিবের কথা কাটাকাটি হয়। এছাড়া ঘটনার তিন থেকে চার দিন আগে স্থানীয় একটি সেলুনে চুল কাটাকে কেন্দ্র করে নিহত শাকিলের সঙ্গে রাকিব এবং তার সহযোগী সাব্বিরের বাকবিতণ্ডা হয়।
এসব ঘটনার ধারাবাহিকতায় ঈদের দিন সন্ধ্যা ৭টার দিকে ছোনগাছা বাজার সংলগ্ন চামেলী মোড় এলাকায় শাকিলের ওপর হামলা চালিয়ে গলায় ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ভাই মো. রহমত উল্লাহ বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ, সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
