কসবায় পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে আগুন, প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি; দিশেহারা পরিবার।
মোঃ আশরাফ উজ্জ্বল কসবা উপজেলা প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চক চন্দ্রপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে একটি বসতবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নগদ অর্থ, স্বর্ণালংকার, মোটরসাইকেল, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।
মঙ্গলবার (৩০ জুন ২০২৬) ভোর আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ৬ থেকে ৮ জনের একটি দুর্বৃত্ত দল মোটরসাইকেলে এসে পেট্রোল ছিটিয়ে বসতবাড়িতে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে আগুন লাগাতে ব্যবহৃত একটি প্লাস্টিকের বোতল উদ্ধার করা হয়েছে বলেও তারা জানান।
ভুক্তভোগী মো. সেলিম মিয়া দাবি করেন, পূর্ব পরিকল্পিতভাবে তাদের বাড়িতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে।
আগুনে বসতঘরে থাকা আসবাবপত্র, নগদ ২ লাখ ৮০ হাজার টাকা, ৬ ভরি স্বর্ণালংকার, একটি মোটরসাইকেল, জমির দলিলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়।
আগুনের বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কসবা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি তারা কসবা-আখাউড়া আসনের সংসদ সদস্য জনাব মুশফিকুর রহমানের সহযোগিতা কামনা করেছেন।
কসবা থানার পুলিশ জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
