রমজানের তাৎপর্য তুলে ধরে এতিমদের সম্মানে দোয়া মাহফিল ও ইফতার আয়োজন
নরসিংদী জেলা প্রতিনিধি হাসান সরকার।
পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের সম্মানে দোয়া মাহফিল ও ইফতার আয়োজন করেছে মিলেনিয়াম ব্যাচ এসএসসি ২০০০, নরসিংদী।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৫টায় নরসিংদীর কামারগাঁওস্থ দারুল উলুম শফিকুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানায় এ দোয়া মাহফিল, আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, এতিমখানার শিক্ষার্থী ও মিলেনিয়াম ব্যাচ এসএসসি ২০০০-এর সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান হচ্ছে আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষা গ্রহণের মাস। সমাজের বিত্তবানদের উচিত এতিম, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।
বক্তারা আরও বলেন, এতিম শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানো একটি মহৎ কাজ। এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতা ও সহমর্মিতার বন্ধনকে আরও দৃঢ় করে।
দোয়া মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সবার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে এতিমখানার শিক্ষার্থী ও উপস্থিত অতিথিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং এতিমদের মুখে হাসি ফোটাতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
