“কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটির বাঘাইছড়িতে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শুরু হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সকাল থেকে বাঘাইছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) সভাকক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। ২০২৬-২০২৭ অর্থবছরের এই প্রকল্পের আওতায় আয়োজিত প্রশিক্ষণটি আগামীকাল বুধবার (২৫ নভেম্বর) শেষ হবে।
এতে প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃমনিরুজ্জামান।
আরো প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নূর আলম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তোফায়েল আহমেদ সহ বিভিন্ন উপসহকারীগন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মশালায় স্থানীয় ৩০ জন কৃষক ও কৃষাণীদের মসলা জাতীয় ফসলের আধুনিক চাষাবাদ পদ্ধতি, উন্নত জাত নির্বাচন, রোগবালাই দমন এবং উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কলাকৌশল সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়েছে।
কৃষি কর্মকর্তারা জানান, পাহাড়ি এলাকায় মসলা চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সঠিক প্রযুক্তি ও উন্নত জাত ব্যবহারের মাধ্যমে কৃষকরা অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী হতে পারবেন বলে আশা করা হচ্ছে।









