মাদারগঞ্জে কৃষি জমিতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি,
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বাবার সাথে জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জাকির হোসেন (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের পূর্ব নলছিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন ওই এলাকার মামুনুর রশিদ ওরফে হযরত আলী ফকিরের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে বাড়ির পাশের জমিতে বাবার সাথে সেচ দিতে যান জাকির। সেচ পাম্পে বিদ্যুতের সংযোগ দেওয়ার পর সংযোগে সমস্যা দেখা দিলে তা দেখতে যান তিনি। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বাবা শত চেষ্টা করেও বাঁচাতে ব্যর্থ হন, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
কড়ইচড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ইয়াকুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেচ পাম্পে বিদ্যুতের সংযোগে ত্রুটি থাকায় এ দুর্ঘটনা ঘটে।
