কসবায় কৃষি জমির মাটি কাটায় যুবককে ৫০ হাজার টাকা জরিমানা, ট্রাক্টর জব্দ
(কসবা প্রতিনিধি মোঃ আশরাফ উজ্জ্বল) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় রাতের অন্ধকারে কৃষি জমির মাটি কাটার অপরাধে মোঃ সালাউদ্দিন (২৬) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
জানা যায়, কসবা উপজেলার সৈয়দাবাদ প্রধান সড়কের পূর্ব পাশে রাতের অন্ধকারে কৃষি জমি থেকে মাটি কাটার সময় প্রশাসন অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে একটি মাটি ভর্তি ট্রাক্টর জব্দ করা হয়।
পরে অভিযুক্ত সালাউদ্দিনের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জরিমানা পরিশোধের পর ভবিষ্যতে আর কৃষি জমির মাটি কাটবে না—এ মর্মে শর্তে ট্রাক্টরটি ছেড়ে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষি জমি রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
