জন্ম–মৃত্যু নিবন্ধনে অনিয়মের অভিযোগে কুটি ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত।
মোঃ আশরাফ উজ্জ্বল ব্রাহ্মণবাড়িয়া (কসবা):
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক ইসলাম ভূইয়াকে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সংশ্লিষ্ট চেয়ারম্যানের বিরুদ্ধে জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রদানে অনিয়মের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
জানা গেছে, বরখাস্তের পাশাপাশি চেয়ারম্যানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রদান করা হয়েছে। অভিযোগের বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও সরকারি রাস্তার গাছ কেটে বিক্রির অভিযোগ ওঠায় ওই চেয়ারম্যান প্রশাসনের নজরদারিতে ছিলেন। তবে ওই অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, জনসেবা সংক্রান্ত কাজে অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
