বাগেরহাটের রামপালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি পরিবারের প্রায় সবাই প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে খুলনা–মোংলা মহাসড়কের বেলাইব্রিজ এলাকায় একটি যাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের অধিকাংশ সদস্য রয়েছেন বলে জানা গেছে।
স্বজন হারানোর বেদনায় জনি নামের এক যুবকের আর্তনাদ এখন রামপাল ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিবেশকে ভারী করে তুলেছে। জানা যায়, দুর্ঘটনার সময় জনি সেই গাড়িতে ছিলেন না। পরিবারের বাকি সবাই একসঙ্গে মাইক্রোবাসে ছিলেন।
স্থানীয় বাসিন্দা মিঠু জানান, জনি তাকে ফোন করে বলেন—
“আমি ছাড়া পরিবারের সবাই একই গাড়িতে ছিল। তারা সবাই মারা গেছে। আমি রামপাল হাসপাতালে যাচ্ছি, তোমরা একটু খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে যাও।”
মিঠু দ্রুত হাসপাতালে গিয়ে দেখেন, জনির পরিবারের কাউকেই আর জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
