গোপীনাথপুরে কৃষি কর্মকর্তার অনুপস্থিতি, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা।
ব্রাক্ষণবাড়িয়া কসবা প্রতিনিধি ।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নে কৃষকদের দীর্ঘদিনের সমস্যার চিত্র আবারও সামনে এসেছে এক হতাশাজনক ঘটনায়। প্রায় ১৯ হাজার ভোটার ও ৪০ হাজারের বেশি মানুষের বসবাস এই কৃষিনির্ভর ইউনিয়নে, যেখানে অধিকাংশ মানুষ সরাসরি কৃষির ওপর নির্ভরশীল।
রবিবার সকাল ১০টায় ইউনিয়নের তথ্য সেবা কেন্দ্রে ফসলি জমির বিভিন্ন সমস্যা নিয়ে স্থানীয় কৃষকরা উপস্থিত হন। তাদের প্রত্যাশা ছিল উপসহকারী কৃষি কর্মকর্তার সঙ্গে সরাসরি কথা বলে জমির সমস্যা সমাধানের পথ খুঁজবেন। তবে নির্ধারিত সময়ে কোনো কর্মকর্তা উপস্থিত না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন তারা।
স্থানীয়দের অভিযোগ, জমির রোগবালাই, সার ও বীজ সংকট, সেচ সমস্যা—এসব নিয়ে বারবার যোগাযোগের চেষ্টা করেও তারা প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছেন না। ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে এবং আর্থিক ক্ষতির মুখে পড়ছেন অনেক কৃষক।
একাধিক কৃষক বলেন, “সকাল থেকে অপেক্ষা করছি, কিন্তু কোনো কর্মকর্তা আসেননি। আমাদের সমস্যার কথা শোনার মতো কেউ নেই।”
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আয়শা আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখে পরবর্তীতে কথা বলবেন।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেছেন, যাতে কৃষকদের এ ধরনের ভোগান্তির অবসান হয় এবং কৃষি কার্যক্রম স্বাভাবিক থাকে।
