র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২, সিরাজগঞ্জের অভিযানে ৯৬০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ আটক ১
জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি :
র্যাব-১২ এর পৃথক মাদকবিরোধী অভিযানে যাত্রীবাহী বাসে মাদক পরিবহনের সময় ৯৬০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জের দিকনির্দেশনায় এবং গোয়েন্দা শাখার সহযোগিতায় গত ১৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ দুপুর ১১টা ৫০ মিনিটে সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল এলাকায় বগুড়া-ঢাকাগামী মহাসড়কের ওপর হোটেল নিউ মায়ের আঁচলের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯৬০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয় এবং একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন মো. দুলাল হোসেন (৬৮), পিতা—মৃত বাহার আলী, গ্রাম—উত্তর গোপালপুর, ইউপি—বাগজানা, থানা—পাঁচবিবি, জেলা—জয়পুরহাট।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় মোবাইল ফোনের মাধ্যমে নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন ক্রয়-বিক্রয় করে আসছিলেন। এ সময় তার কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১২ জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
