কসবায় ইটবোঝাই ট্রাক খালে উল্টে নিহত ২, আহত ৫
মোঃ আশরাফ উজ্জ্বল , কসবা ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তিনলাখপীর-চারগাছ সড়কে ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খালে উল্টে পড়ে দুইজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন।
সোমবার (২৯ জুন) সকালে উপজেলার মান্দারপুর জোড়া পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙাচোরা সড়ক অতিক্রম করার সময় চালক ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি সড়কের পাশের খালে উল্টে পড়ে। এতে ট্রাকে থাকা শ্রমিকদের মধ্যে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং আরও পাঁচজন আহত হন।
নিহতরা হলেন সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মৃত ওহাব মিয়ার ছেলে মাসুক মিয়া (১৮) এবং একই ইউনিয়নের মো. ফরহাদ মিয়ার ছেলে আরশাদ মিয়া (১৮)।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহতদের চিকিৎসা চলছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশ ভাঙাচোরা থাকায় যান চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ অবস্থায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
