ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৭
মোঃ হুমায়ুন কবির ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৃথক দুর্ঘটনা ঘটেছে। সকালে রাস্তা পারাপারের সময় মো: নিজামুল ইসলাম (৪২) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন এবং পিকআপ উল্টে ড্রাইভারসহ ১৭ যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে প্রায় একই সময়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহত নিজামুল ইসলাম ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার খড়মা গ্রামের লাল মাহমুদ খানের ছেলে ও গাজীপুরের বাঘের বাজারের ‘গোল্ডেন গার্মেন্টস’-এর অপারেটর পদে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুরের বাঘের বাজারের ‘গোল্ডেন গার্মেন্টস’-এর অপারেটর মো. নিজামুল ইসলাম (৪২) পরিবার নিয়ে ঈদুল ফিতরের ছুটিতে গ্রামের বাড়ি হালুয়াঘাটে ফিরছিলেন। সকালে যাত্রীবাহী বাসটি ভালুকার ভরাডোবা বাসস্ট্যান্ডে বিরতি দিলে তিনি ওয়াশরুমে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি মালবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৯৮৯২) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। ঘটনার পর চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
অপরদিকে,প্রায় একই সময়ে ভরাডোবা এস এন এস সি এন্ড জি পাম্পের বিপরীত পাশে মাওনা থেকে ময়মনসিংহগামী একটি নম্বরবিহীন দেড় টনের পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। প্রাথমিক ধারণা করা হচ্ছে, পিকআপ চালক তন্দ্রাচ্ছন্ন থাকায় বা চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটে। এতে পিকআপে থাকা ড্রাইভারসহ ১৭ জন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহমেদ জানায়, নিহত ব্যক্তির সুরতহাল শেষে আইনি প্রক্রিয়া চলছে এবং জব্দকৃত ট্রাক ও পিকআপের বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
