শিবপুরে রগ কাটা শিক্ষকের পাশে এমপি মনজুর এলাহী
অপরাধীর কোনো দল নেই, অন্যায়ের স্থান হবে না শিবপুরে।
আর এ লায়ন সরকার, নরসিংদী।
নরসিংদীর শিবপুরে দুই পায়ের রগ কেটে দেওয়ার ঘটনায় আহত অবসরপ্রাপ্ত শিক্ষক আবু সাঈদ মোগলের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী এমপি।
রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের মুনসেফেরচর মোল্লাকান্দা গ্রামে আহত শিক্ষকের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি ঘটনার বিস্তারিত শুনে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন।
জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ স্বপন মোগল দা দিয়ে কুপিয়ে কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আবু সাঈদ মোগলকে গুরুতর আহত করে। হামলায় তার দুই পায়ের রগ কেটে যায় বলে পরিবারের দাবি। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
পরিদর্শনকালে এমপি মনজুর এলাহী বলেন, “অপরাধীর কোনো দল বা ধর্ম নেই। অন্যায় যে-ই করুক, শিবপুরে তার কোনো জায়গা হবে না। আইন তার নিজস্ব গতিতেই চলবে।” তিনি আহত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার প্রতিশ্রুতি দেন।
এ সময় উপস্থিত ছিলেন পুটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনোয়ারুল ইসলাম বাদল সরকার, শিবপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাহেদুজ্জামান সাহেদসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
