জেলা প্রতিনিধি (মোঃ নুরুজ্জামান আহমেদ):-
লালমনিরহাটে অনবরত বৃষ্টির মাঝে আকস্মিক ঝড়ের তান্ডবে বিধ্বস্ত হয়ে লন্ডভন্ড হয়েছে কয়েকটি গ্রামের শতাধিক ঘরবাড়ি। এ সময় টিন ও ইটের আঘাতে কমপক্ষে তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (৫ অক্টোবর) সকাল ৮টার দিকে কালিগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর ৮নং ওয়ার্ডে ও অন্যান্য গ্রামেও ঘটনা ঘটে।
আহতরা হলেন, বাদশা মিয়া (৪০), মামুদ মিয়া (৭০) শহিদুল ইসলাম (৪৬)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী মো: শাহিনুর রহমান জানান, মাঝারি ধরনের বৃষ্টি চলাকালীন সময় আকস্মিক ঝড়ের কারণে টিনশেড ঘর, আধা পাকা ঘরবাড়ি ও গোডাউন, গাছপালা ভেঙে গেছে। ঘূর্ণিঝড়টি অল্প সময় স্থায়ী ছিল। বেশি সময় থাকলে ক্ষতির পরিমাণ আরো কয়েকগুণ বেড়ে যেত।
ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ফরহাদ হোসেন জানান, মধ্য শ্রুতিধর ও চর নোহালী গ্রামে অন্তত ৫০টি পরিবারের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত ও অনেক গাছপালা নষ্ট হয়ে গেছে। ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ ঘটনা জানানো হয়েছে বলে চেয়ারম্যান জানান।
কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. জাকিয়া খাতুন জানান, ঝড়ে বিধ্বস্ত হওয়ার খবর শুনেছেন। ইতোমধ্যে ঘটনাস্থলে তদন্ত টিম পাঠিয়েছেন এবং তিনি নিজেও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সম্পর্কে দেখভাল করবেন। জেলা প্রশাসক মহোদয়কে পরিস্থিতি সম্পর্কে অবগত করছেন।
