কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক মুহূর্তের সাক্ষী হলো রোহিঙ্গা সম্প্রদায়। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি এবং বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. খলিলুর রহমান ক্যাম্প-৪-এর ফুটবল মাঠে রোহিঙ্গা সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
এ সময় রোহিঙ্গা সম্প্রদায়ের বিপুলসংখ্যক মানুষ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। সমাবেশে উপস্থিত রোহিঙ্গাদের উদ্দেশে বক্তব্য রাখেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান।
জাতিসংঘের পক্ষ থেকে এই সাক্ষাৎকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে স্বাগত জানানো হয়েছে। বিশেষ করে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারিক প্রক্রিয়া ও মিয়ানমারের দায়বদ্ধতার প্রশ্নটি নতুন করে আলোচনায় আসার প্রেক্ষাপটে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী নিজস্ব জাতিগত পরিচয়, ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের স্বীকৃতির পাশাপাশি নাগরিক অধিকার, নিরাপত্তা এবং মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরে যাওয়ার দাবি জানিয়ে আসছে।
তবে রোহিঙ্গাদের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, আন্তর্জাতিক অঙ্গনে তাদের অধিকার ও পরিচয়ের স্বীকৃতির পাশাপাশি মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন কতটা নিশ্চিত হবে?
আন্তর্জাতিক আদালতের বিচারিক প্রক্রিয়া, জাতিসংঘের কূটনৈতিক উদ্যোগ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা শেষ পর্যন্ত রোহিঙ্গাদের ন্যায়বিচার ও স্থায়ী সমাধানের পথ কতটা সুগম করতে পারে, সেটিই এখন দেখার বিষয়।









