নরসিংদী মনোহরদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে আকস্মিক ঘূর্ণিঝড়ে প্রায় ৭ হেক্টর জমির কলাবাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কায় পড়েছেন উপজেলার দৌলতপুর ইউনিয়নের কলাচাষিরা।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে দৌলতপুর, কেরানীনগর, নিশ্চিন্তপুর, ত্রিবাসদী ও হরিনারায়ণপুর এলাকায় ঝড়টি আঘাত হানে। কয়েক মিনিটের ঝড়ের তাণ্ডবে অসংখ্য কলাগাছ ভেঙে ও উপড়ে পড়ে। এতে বিস্তীর্ণ এলাকার কলাবাগান ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বৃষ্টির সঙ্গে হঠাৎ বাতাসের গতিবেগ বেড়ে গিয়ে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। অল্প সময়ের মধ্যেই কৃষিজমিতে থাকা কলাগাছগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুনা আক্তার।
এ সময় তাঁরা ক্ষতিগ্রস্ত কলাবাগান ঘুরে দেখেন এবং কৃষকদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে।
পরিদর্শনকালে ইউএনও মাহামুদুল হাসান বলেন, “মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশক্রমে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিষয়টি ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করেছি। ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়নের কাজ চলছে। দ্রুত তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।”
পরিদর্শনকালে দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক আকন্দ, উপসহকারী কৃষি কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ক্ষতিগ্রস্ত কৃষকেরা উপস্থিত ছিলেন।