মোঃ হাবিবুর রহমান
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের দেশব্যাপী হত্যা, সহিংসতা ও ধ্বংসাত্মক কার্যক্রমের প্রতিবাদে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৩নং দৌলতপুর ইউনিয়নে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে দৌলতপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিলটির আয়োজন করা হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হাজী আব্দুল মান্নান ফকিরের নেতৃত্বে মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা হাজী আব্দুল মান্নান ফকির। তিনি বলেন, "আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন ছাত্রলীগ-যুবলীগ দীর্ঘদিন ধরে দেশে যে অপশাসন ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে এসেছে, জনগণ তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তাদের কোনো ষড়যন্ত্রই আর সফল হতে দেওয়া হবে না। বেলকুচির মাটিতে কোনো অপশক্তির স্থান হবে না।"
মিছিলে ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশ নেন। মিছিলে নেতাকর্মীরা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর সহিংসতার বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।