মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪

এইচ এম সাগর সাভার উপজেলা প্রতিনিধি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:০৬ pm
২৬৫
সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪

সাভারে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি উত্তর) পৃথক দুটি বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের পেশাদার মাদক কারবারি হিসেবে উল্লেখ করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৫১ হাজার টাকা।

সোমবার (৯ নভেম্বর ) বিকেল ও রাতে সাভার মডেল থানাধীন বক্তারপুর তিন রাস্তার মোড় এবং হেমায়েতপুর পদ্মার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি উত্তর) অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পুলিশের পৃথক দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে সাভার মডেল থানাধীন বক্তারপুর তিন রাস্তার মোড় এলাকায়। ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহাদাৎ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে মোছাঃ শরিফা খাতুন (৩২) ও পলাশ মোল্লা (৩৫) নামে দুজনকে গ্রেপ্তার করেন। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, যার ওজন প্রায় ৩ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৯ হাজার টাকা, উদ্ধার করা হয়। পাশাপাশি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।

গ্রেপ্তার শরিফা খাতুন গোপালগঞ্জ সদর থানার লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে সাভারের বক্তারপুর তিন রাস্তার মোড় এলাকায় করিমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। অপর গ্রেপ্তার পলাশ মোল্লা গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ফলসী এলাকার দবির মোল্লার ছেলে। তিনিও একই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

অন্যদিকে, একই দিন রাত সাড়ে ১১টার দিকে সাভার মডেল থানাধীন হেমায়েতপুর পদ্মার মোড় এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের আরেকটি দল। উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স অভিযান চালিয়ে মোঃ শিপন (২৫) ও মোঃ আব্দুল বারেক (৩৮) নামে আরও দুজনকে গ্রেপ্তার করেন। এ সময় তাদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ৯ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ২৭ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার শিপন সাভার মডেল থানার তেঁতুলঝোড়া ইউনিয়নের শ্যামপুর এলাকার মৃত ইব্রাহিমের ছেলে। অপর গ্রেপ্তার আব্দুল বারেক ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার সিংহারি এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে সাভারের হেমায়েতপুর তিব্বতের মোড় এলাকায় রুবেলের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার পলাশ মোল্লার বিরুদ্ধে চুরির অভিযোগে তিনটি এবং সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলাসহ মোট চারটি মামলা রয়েছে।

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!