সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মিরসরাইয়ে ৩০১ বস্তা সার পাচারচক্রের তিন সদস্য গ্রেপ্তার

মোঃ মিজানুর রহমান
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:১৬ pm
৩৫
মিরসরাইয়ে ৩০১ বস্তা সার পাচারচক্রের তিন সদস্য গ্রেপ্তার

মিজানুর রহমান, মিরসরাই, চট্টগ্রাম,

চট্টগ্রামের মিরসরাইয়ে মিয়ানমারে পাচারের সময় উদ্ধার হওয়া ৩০১ বস্তা ইউরিয়া সার চোরাচালানের ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা স্থানীয় বিএনপি ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

রোববার (৮ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ওসমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মহসিন ওরফে সম্রাট (৫৭), তাঁর ছেলে আজাহার উদ্দিন মাহিন (২২) এবং ওসমানপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফাবিয়াতুল ফারাবি (২৪)।

জোরারগঞ্জ থানা পুলিশের ৯ নভেম্বরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩১ অক্টোবর মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উপকূলীয় রুট ব্যবহার করে মিয়ানমারে পাচারের চেষ্টাকালে দুটি ড্রাম ট্রাক থেকে ৩০১ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। এ ঘটনায় জোরারগঞ্জ থানায় চোরাচালান আইনে মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্তে গ্রেপ্তার তিনজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, নোয়াখালীর সুবর্ণচর এলাকার মাহে আলম মেম্বার ও তাঁর ভাই নুর উদ্দিন সার চালানের বিষয়টি মহসিন ওরফে সম্রাটকে জানান এবং স্থানীয়ভাবে সহযোগিতা করার অনুরোধ করেন।

পরবর্তীতে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল এলাকায় শওকত আকবর সোহাগসহ কয়েকজন ব্যক্তি ট্রাকভর্তি সার মুহুরী প্রজেক্টের বেড়িবাঁধ এলাকা দিয়ে মিয়ানমারে পাচারের প্রলোভন দেখান বলে পুলিশের দাবি। এ ঘটনায় মহসিন ওরফে সম্রাট ফাবিয়াতুল ফারাবিসহ অন্যদের সহযোগিতায় সারগুলো পাচারের চেষ্টা করেন বলে জানিয়েছে পুলিশ।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ৩০১ বস্তা ইউরিয়া সার উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলার তদন্তে বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তিনজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে গত ৮ নভেম্বর অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। মামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার তিন আসামিকে যথাযথ পুলিশি নিরাপত্তায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!