ঢাকার সাভারে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি উত্তর) বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ লিপু সরকার (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তি পেশাদার মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
রোববার (৮ নভেম্বর ) রাত সাড়ে ৮টার দিকে সাভার মডেল থানাধীন সিএন্ডবি কলমা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে।
অভিযানে ডিবি উত্তর-এর এসআই (নিরস্ত্র) শাহাদাৎ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অংশ নেন। অভিযানকালে সিএন্ডবি কলমা এলাকা থেকে লিপু সরকারকে আটক করা হয়। তিনি আশুলিয়া থানাধীন বড় আশুলিয়া এলাকার হাজেরা খাতুন মাদ্রাসার সামনের বাসিন্দা। তার পিতার নাম মৃত সিরাজুল ইসলাম এবং মাতার নাম লাইলী আক্তার।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সাধারণ মানুষের সহযোগিতাও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।