নিতিশ চন্দ্র বর্মন, পঞ্চগড় প্রতিনিধি:
“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে শনিবার (৮ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্বরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা সমবায় কর্মকর্তা মো. ফারুক হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার। একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এজেডএম বজলুর রহমান জাহেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, ফকিরগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি কমলেশ চন্দ্র ঘোষ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও আটোয়ারী টিসিইউর সম্পাদক মো. আতাউর রহমান, উপজেলা অটোবাইক মালিক-চালক সমিতি লিমিটেডের সভাপতি মো. শাহাদত হোসেন সাজ্জাদ ও সাধারণ সম্পাদক মো. আজিবউদ্দীন (দাদাভাই) এবং প্রতিশ্রুতি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. নাজিম কিবরিয়া প্রমুখ। বক্তারা বলেন, বাংলাদেশে ১৯০৪ সাল থেকে সমবায় কার্যক্রম শুরু হলেও বর্তমানে অর্থনৈতিক মুক্তি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং সচেতনতা বৃদ্ধিতে সমবায়ের কোনো বিকল্প নেই। শোষণ, মহাজন ও মধ্যস্বত্বভোগীদের হাত থেকে কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের রক্ষায় সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এছাড়া সমবায় সমিতির মাধ্যমে প্রতিটি সদস্যের সমান ভোট ও মতামতের মূল্যায়নের মধ্য দিয়ে তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের চর্চা ও শিক্ষালাভ হয়। “সবাই মিলে বাঁচি, সবাই মিলে গড়ি”—এই নীতি ছড়িয়ে দেওয়া এবং সফল সমবায়ীদের কাজের স্বীকৃতি ও উৎসাহিত করার লক্ষ্যেই প্রতি বছর নভেম্বর মাসের প্রথম শনিবার জাতীয় সমবায় দিবস পালন করা হয়।