নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে অপহরণের শিকার এক কিশোরীকে উদ্ধার এবং মামলার প্রধান অভিযুক্ত নুর আমিনকে (২৩) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। শনিবার রাতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নুর আমিন দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার বৈরপাড়া জঙ্গলপাড়া এলাকার হামিদুল ইসলামের ছেলে। রোববার সন্ধ্যায় এসআরবি-১৩'র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত নুর আমিনের এক আত্মীয়ের বাড়ি ভুক্তভোগী কিশোরীর বাড়ির কাছাকাছি হওয়ায় সে প্রায়ই সেখানে যাতায়াত করত। আসা যাওয়ার পথে নুর আমিন ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত। কিশোরী সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে তার ওপর ক্ষিপ্ত হয় অভিযুক্ত। এর জেরে গত ১ সেপ্টেম্বর কিশোরীটি বাজার থেকে বাড়ি ফেরার পথে নুর আমিন ও তার সহযোগীরা চারটি মোটরসাইকেল নিয়ে পথরোধ করে তাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার পর ভুক্তভোগীকে উদ্ধার ও আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায় এসআরবি-১৩। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩'র সিপিসি-১ (দিনাজপুর) এবং সিপিসি-২ (নীলফামারী ক্যাম্পের) যৌথ আভিযানিক দল শনিবার রাতে বীরগঞ্জের বৈরবাড়ী জঙ্গলপাড়ায় অভিযান চালিয়ে প্রধান আসামি নুর আমিনকে গ্রেপ্তার এবং অপহৃত কিশোরীকে উদ্ধার করে।
উদ্ধার হওয়া কিশোরী এবং গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।