সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ভূরুঙ্গামারীতে বিকাশ-রকেট এজেন্টকে কুপিয়ে ছিনতাই, দুইজন গ্রেফতার

মোঃ আসাদুজ্জামান খোকন ভূরুঙ্গামারী প্রতিনিধি
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ pm
৮৬
ভূরুঙ্গামারীতে বিকাশ-রকেট এজেন্টকে কুপিয়ে ছিনতাই, দুইজন গ্রেফতার

ভূরুঙ্গামারীতে বিকাশ ও রকেট এজেন্ট ব্যবসায়ী নুর মোহাম্মদকে (৩৯) কুপিয়ে গুরুতর আহত করে টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

৭ নভেম্বর শনিবার দিবাগত মধ্যরাতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও এসআই জাহিদুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন উপজেলার কামাত আঙ্গারিয়া গ্রামের মৃত শহিদুল আলমের ছেলে মো. শরিফুল আলম সোহাগ (৩৫) এবং নলেয়া গ্রামের মৃত রুহুল রব্বানীর ছেলে সোহেল রানা স্বপন (৩৬)।

পুলিশ জানায়, কুড়িগ্রামের পুলিশ সুপার ফজলে রাব্বি (পিপিএম)-এর নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত অভিযানে তাঁদের গ্রেফতার করা হয়। ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে তাঁদের গ্রেফতার এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

জানা যায়, গত ১৯ অক্টোবর রাতে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দক্ষিণ দেওয়ানের খামার গ্রামে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন বিকাশ ও রকেট এজেন্ট ব্যবসায়ী নুর মোহাম্মদ। দোকানের কার্যক্রম শেষে বাড়ি ফেরার পথে নির্জন স্থানে কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথা ও হাঁটুতে আঘাত করে। এ সময় তাঁর কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।

বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির সামনের সড়কে তাঁকে রক্তাক্ত ও সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ভূরুঙ্গামারী থানায় মামলা দায়েরের পর তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের একপর্যায়ে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার ও একটি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতার এবং ছিনতাই হওয়া টাকা ও বাকি মোবাইল ফোন উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে স্থানীয় ব্যবসায়ীরা জানান, বিকাশ, নগদ ও রকেটের মতো আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের প্রতিদিনই নগদ অর্থ বহন করতে হয়। ফলে তাঁদের নিরাপত্তায় পুলিশের টহল ও দৃশ্যমান উপস্থিতি আরও জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে ছিনতাই হওয়া টাকা ও বাকি মোবাইল ফোন উদ্ধারের দাবি জানিয়েছেন তাঁরা।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!