ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ১৭৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। শনিবার (৭ নভেম্বর ) বিকেল সাড়ে ৪টার দিকে সাভার মডেল থানাধীন রাজাশন পালোয়ান পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, গাইবান্ধার সাদুল্লাপুর থানার তরফপাহাড়ী এলাকার ফিরোজ (৩০), জামালপুরের মেলান্দহ থানার কাজীকাটা এলাকার সুজন (৩৪), গাইবান্ধার সাদুল্লাপুর থানার তরফপাহাড়ী এলাকার জামরুল ইসলাম (৩৬), জামালপুরের মেলান্দহ থানার আগপয়লা এলাকার সবুজ (২৪) এবং টাঙ্গাইলের গোপালপুর থানার সৈয়দপুর এলাকার চান মিয়া (৩৫)। তারা সবাই সাভারের রাজাশন এলাকার বিভিন্ন বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আব্দুল মুত্তালীবসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তার পাঁচজনের কাছ থেকে ১৭৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ১৭ দশমিক ০৪ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ৫২ হাজার ২০০ টাকা।
ডিবি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে ফিরোজের বিরুদ্ধে আগে থেকেই দুটি মাদক মামলা রয়েছে। অপর গ্রেপ্তার সুজনের বিরুদ্ধেও একটি মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকসংক্রান্ত অপরাধে পূর্বের মামলা থাকার বিষয়টি জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।