রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কুমারখালী উপজেলা প্রশাসনের নানা আয়োজন

মোঃ লিটন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ pm
৫৩
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কুমারখালী উপজেলা প্রশাসনের নানা আয়োজন
আলোচনা সভা ও ফুটবল ম্যাচ এর ছবি

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পৌরসভার আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাইসু্ল ইসলামের সভাপতিত্ব ও উপজেলা মাধ্যমিক কার্যালয়ের একাডেমিক সুপার ভাইজার মোঃ আশিকুজ্জামানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কুমারখালী থানার পুলিশ পরিদর্শক মোঃ আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, পৌর বিএনপির সভাপতি মনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট শাতিল মাহমুদ ও মোস্তাফিজুর রহমান তুহিন, কুমারখালী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম, কুমারখালী শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক কে এম আলম টমে সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ অনেকে।

সভায় বক্তারা বলেন, এই কর্মসূচি শুধু দিবসটি উদযাপনের আনুষ্ঠানিকতা নয়, বরং এর মধ্য দিয়ে আমরা মানবিকতা, সহমর্মিতা, সামাজিক সম্প্রীতি, এবং পারস্পরিক সৌভার্যের বার্তা ছড়িয়ে দিতে পারব। ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ দিন আমাদের জন্য কিছু না কিছু শিক্ষা রেখে যায়। ৭ নভেম্বরের শিক্ষা হোক জাতীয় ঐক্যের শক্তিতে রাষ্ট্রকে এগিয়ে নেওয়া। সংকটের মুহূর্তে দায়িত্বশীল ভূমিকা পালন করা এবং দেশের বৃহত্তম স্বার্থকে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থের ঊর্ধ্বে স্থান দেওয়া। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো হবে শক্তিশালী ও কার্যকর। আইনের শাসন হবে সুপ্রতিষ্ঠিত, জনগণের অধিকার ও মর্যাদা হবে সুরক্ষিত এবং উন্নয়নের সুফল পৌঁছাবে সমাজের সর্বস্তরের মানুষের কাছে।

আলোচনা সভা শেষে দুপুর ৩টার দিকে কুমারখালীর মথুরানাথ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় প্রবীণ ও নবীনদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ। খেলাকে ঘিরে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। দীর্ঘদিন পর মাঠে নেমে প্রবীণ খেলোয়াড়দের যেমন দেখা যায় দারুণ উচ্ছ্বাসে মেতে উঠতে, তেমনি নবীন খেলোয়াড়দের মধ্যেও ছিল প্রাণবন্ত প্রতিদ্বন্দ্বিতার আমেজ। খেলোয়াড়দের দৌড়ঝাঁপ, বল দখলের লড়াই আর গোলের প্রচেষ্টায় মুখর হয়ে ওঠে পুরো মাঠ। বয়সের ব্যবধান ভুলে দুই প্রজন্মের এমন সৌহার্দ্যপূর্ণ খেলায় খেলোয়াড়দের পাশাপাশি আনন্দে মেতে ওঠেন দর্শকরাও। প্রীতি ম্যাচটি পরিণত হয় মিলনমেলা ও সম্প্রীতির এক আনন্দঘন আয়োজনে।

পরবর্তীতে সন্ধ্যায় পৌরসভার আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী পর্ব। সংগীতানুষ্ঠানে শিল্পীদের পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো অডিটোরিয়াম। উপস্থিত অতিথি ও দর্শকরা উপভোগ করেন মনোমুগ্ধকর সংগীত পরিবেশনা। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আনন্দঘন পরিবেশে সংগীত, পুরস্কার বিতরণ ও পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!