জেলা প্রতিনিধি
নবী ওয়ালিউল্লাহ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। অভিযানে ৩৭০ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ, ১০০ গ্রাম হেরোইন ও ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে ৫৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল কাজী আল-আমিন অপু গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যায় ও রাতে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে এই দুটি অভিযান পরিচালিত হয়।
প্রথম অভিযান: গোপন সংবাদের ভিত্তিতে ৫ নভেম্বর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে মহানন্দা ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপির সুবেদার তুষার কান্তি বিশ্বাসের নেতৃত্বে একটি বিশেষ টহলদল অভিযান চালায়। সীমান্ত মেইন পিলার ১৮৮ থেকে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শাহবাজপুর ইউনিয়নের কামালপুর গ্রামের মনিরুলের বাড়ির পাশ থেকে মালিকবিহীন অবস্থায় ৩৭০ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ জব্দ করা হয়।
দ্বিতীয় অভিযান: একই দিনে রাত ৮টার দিকে চকপাড়া বিওপির অপর একটি টহলদল সীমান্ত পিলার ১৮৩/৪-এস থেকে আনুমানিক ৩০০ গজ ভেতরে শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১০০ গ্রাম হেরোইন ও ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
উভয় ঘটনায় জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
মাদকবিরোধী এই অভিযান সম্পর্কে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী আল-আমিন অপু বলেন, "দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় মাদক ও সকল প্রকার চোরাচালান রোধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"