নিতিশ চন্দ্র বর্মন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত স্কুল ফিডিং কর্মসূচির পাউরুটির ভেতর থেকে একটি ধারালো ব্লেড উদ্ধার করা হয়েছে। শিশুদের পুষ্টিকর খাবার সরবরাহের এই কার্যক্রমে এ ধরনের বিপজ্জনক বস্তু পাওয়ার ঘটনায় কোমলমতি শিশু ও অভিভাবকদের নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের ১১৬ নম্বর প্রধানাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে প্রথম শিফটের ছুটি শেষে শিশু শ্রেণির শিক্ষার্থী মিম আক্তার স্কুল থেকে ফিডিংয়ের পাউরুটি নিয়ে বাড়ি যায়। পরে খাওয়ার সময় প্যাকেটজাত পাউরুটিটি খুললে এর ভেতরে একটি ধারালো ব্লেড দেখতে পায় সে। তাৎক্ষণিকভাবে বিষয়টি পরিবারকে জানালে আতঙ্কিত অভিভাবকরা পাউরুটিসহ বিদ্যালয়ে ছুটে আসেন। পরে বিদ্যালয়ের সহকারী শিক্ষক বরুণ রায় পাউরুটিটি জব্দ করে দেবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে নিয়ে যান।
এ বিষয়ে সহকারী শিক্ষক বরুণ রায় জানান, শিশু শিক্ষার্থীর অভিভাবক স্কুলে এসে ব্লেড পাওয়ার বিষয়টি জানানোর পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পাউরুটিসহ তা উপজেলা শিক্ষা অফিসে জমা দেওয়া হয়। তবে অন্য শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা প্যাকেটে এ ধরনের কিছু পাওয়া যায়নি বলে জানান তিনি।এদিকে, পাউরুটির ভেতরে ব্লেড পাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। কোমলমতি শিশুদের খাবারে এমন প্রাণঘাতী বস্তু পাওয়ার ঘটনায় সরবরাহকারী প্রতিষ্ঠানের গাফিলতি ও খাবারের মান নিয়ে কঠোর প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল।
ঘটনার বিষয়ে বক্তব্য জানতে প্রধানাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া বেগমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। অন্যদিকে, পঞ্চগড় জেলায় রুটি সরবরাহকারী প্রতিষ্ঠান ইএসডিওর স্কুল ফিডিং প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। এসমশ দেবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল হোসেন বলেন, খবর পাওয়ার পর পাউরুটিটি সংগ্রহ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট পাঠানো হয়েছে। এ প্রসঙ্গে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিত সাহা বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ ঘটনায় দ্রুত তদন্ত কমিটি গঠন করা হবে এবং তদন্ত প্রতিবেদন হাতে পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।