শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শিবচরে প্রশাসনের বিশেষ অভিযান: নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে জরিমানা ও ফুটপাত দখলমুক্ত

মোঃ শামীম আহমেদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ pm
৭০
শিবচরে প্রশাসনের বিশেষ অভিযান: নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে জরিমানা ও ফুটপাত দখলমুক্ত

শিবচর উপজেলা প্রতিনিধি

খাবারে ভেজাল রোধ এবং সাধারণ মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মাদারীপুরের শিবচরে পরিচালিত হয়েছে একটি জোরালো প্রশাসনিক অভিযান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের চান্দেরচর বাজার এবং শিবচর পৌরসভা বাজারে এই যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ.এম. ইবনে মিজান। এ সময় তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুর জেলার সহকারী পরিচালক সুচন্দন মন্ডল, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, কৃষি বিপণন কর্মকর্তা রুবেল মিয়া এবং এএসআই আনিসুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম।

অভিযানের প্রথম পর্যায়ে উপজেলার চান্দেরচর বাজারের বিভিন্ন খাবার ও খুচরা দোকানে নিরাপদ খাদ্যের সর্তকমূলক বার্তা পৌঁছে দেওয়া হয়। এ সময় দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি করার দায়ে দুই ব্যবসায়ীকে মোট চার হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে ফুটপাতগুলো দখলমুক্ত করা হয়।

স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ ছিল যে, বাজারের ফুটপাতগুলো অবৈধভাবে জবরদখল করে রাখার কারণে সাধারণ পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে এবং প্রায়শই যানজটসহ বিভিন্ন গাড়ি চলাচলে বড় ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। প্রশাসনের এই সময়োপযোগী হস্তক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ ক্রেতা ও পথচারীরা।

পৌর বাজারে বেকারিতে জরিমানা ও পণ্যের মূল্য তালিকা টানানোর নির্দেশ

চান্দেরচর বাজার শেষে শিবচর পৌরসভার টিঅ্যান্ডটি মোড় এলাকায় অবস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় খাবারে স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ও লেবেলবিহীন ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ব্যবহার করা এবং উৎপাদিত পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসংবলিত স্টিকার না থাকায় দুটি প্রতিষ্ঠানে বড় অংকের জরিমানা করা হয়:

বিসমিল্লাহ লাইফ বেকারী: ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা। ও ঢাকা বাকরখানি: ৩,০০০ (তিন হাজার) টাকা জরিমানা।

পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকে কঠোরভাবে সতর্ক করা হয় যেন ভবিষ্যতে ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলে এমন কোনো খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রি করা না হয়। এছাড়া পৌর বাজারের সবজি ও মুদি দোকানে ক্রেতাদের সুবিধার্থে পণ্যের সঠিক মূল্য তালিকা দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখার জোরালো নির্দেশ দেওয়া হয়।

এই বিশেষ অভিযান সম্পর্কে জানতে চাইলে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ.এম. ইবনে মিজান বলেন,

নিরাপদ খাদ্য অধিদপ্তর, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং কৃষি বিপণন কর্মকর্তার সমন্বয়ে গঠিত টিম নিয়ে আমরা এই যৌথ অভিযান পরিচালনা করছি। অভিযানে ভেজাল ও অনিয়মের দায়ে কিছু দোকানে সতর্কতামূলক জরিমানা করা হয়েছে এবং জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিত ও চলমান থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা এবং বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের এমন কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন সচেতন এলাকাবাসী।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!