মো:গোলাম কিবরিয়া
এক দিনের সরকারি সফরে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকাল ৯টা ৫০ মিনিটে তিনি মোংলায় পৌঁছান।
এর আগে সকাল ৮টা ৪৫ মিনিটে রাজধানীর গুলশান এভিনিউয়ের নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় হেলিকপ্টারযোগে মোংলার উদ্দেশে যাত্রা করেন তিনি।
সফরকালে মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে দুটি কনটেইনার জেটি নির্মাণসহ আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
এ ছাড়া তাঁর উপস্থিতিতে ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে বিনিয়োগ সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।
মোংলার কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরে বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে বাগেরহাট ও খুলনায় সংশ্লিষ্ট এলাকায় নেওয়া হয়েছে নানা প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা।