যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে এক ঐতিহাসিক মাইলফলক তৈরি হয়েছে। মিশিগান অঙ্গরাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেনেট আসনের লড়াইয়ে জয়লাভ করেছেন ডেমোক্র্যাটিক পার্টির নেতা ড. আব্দুল এল-সায়েদ। তিনি সাবেক রিপাবলিকান আইনপ্রণেতা মাইক রজার্সকে পরাজিত করে যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষ সেনেটে প্রথম মুসলিম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) সকালে ডেট্রয়েটে নিজের নির্বাচনি প্রধান কার্যালয়ে বিপুল সমর্থকের উপস্থিতিতে বিজয় ভাষণ দেন এল-সায়েদ। সেখানে উচ্ছ্বসিত কণ্ঠে তিনি বলেন, মিশিগান, আমরা করে দেখিয়েছি! এই মহান অঙ্গরাজ্যের বিজয়ী সিনেটর হিসেবে আপনাদের সামনে দাঁড়াতে পেরে আমি অত্যন্ত গর্বিত এবং সম্মানিত বোধ করছি।
অবসর গ্রহণকারী ডেমোক্র্যাটিক সেনেটর গ্যারি পিটার্সের শূন্য আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪২ বছর বয়সী আব্দুল এল-সায়েদ। পেশায় একজন চিকিৎসক হওয়ায় মার্কিন সিনেটের ইতিহাসে ১৯৬৯ সালের পর তিনিই নির্বাচিত প্রথম ডেমোক্র্যাটিক ডাক্তার সিনেটর হতে যাচ্ছেন।
এনবিসি নিউজের প্রকাশিত সর্বশেষ তথ্যানুযায়ী, মোট ৪৩ লাখ ৪০ হাজার ৪৭৮টি প্রাপ্ত ভোটের মধ্যে আব্দুল এল-সায়েদ ২২ লাখ ৫১ হাজার ৮৫০টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, যা মোট ভোটের ৫১.৯ শতাংশ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী মাইক রজার্স পেয়েছেন ২০ লাখ ২ হাজার ২৮৫টি ভোট (৪৬.১ শতাংশ)। এছাড়া স্বতন্ত্র প্রার্থী লিডিয়া ক্রিস্টেনসেন ৪৪ হাজার ৮৯৩টি ভোট পেয়েছেন, যা মোট ভোটের ১.০ শতাংশ। এনবিসি নিউজ জানিয়েছে, এই আসনে ৮৭.৪ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। আনুমানিক ৬ লাখ ২৫ হাজার ভোট গণনা বাকি থাকা অবস্থাতেই এল-সায়েদের জয় নিশ্চিত হয়েছে।