সাভারে বিশেষ অভিযান চালিয়ে ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। সোমবার (৩ নভেম্বর ২০২৬) রাত ৮টা ১০ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন ছায়াবিথী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মোঃ শাহ আলম মোল্লা (৩২), মোহাম্মদ আলী (৬০), সাগর ইসলাম (২৫), মোঃ হাসেম আলী (২৬) ও হাবিবুর রহমান হাবিব (২২)। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। তবে তারা গাজীপুর, ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন বলে পুলিশ জানিয়েছে।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে এসআই (নিঃ) মনির হোসেনসহ ডিবি পুলিশের একটি দল অংশ নেয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্য ও বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবে ছায়াবিথী এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে দেশের বিভিন্ন এলাকায় চুরি ও ডাকাতির ঘটনায় সম্পৃক্ত থাকার তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের অপরাধমূলক কর্মকাণ্ডের পূর্ববর্তী রেকর্ড যাচাই করে দেখা গেছে, তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে শাহ আলম মোল্লার বিরুদ্ধে চুরির দুটি মামলা রয়েছে। মোহাম্মদ আলীর বিরুদ্ধে ডাকাতি, চুরি ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে মোট নয়টি মামলা রয়েছে। এছাড়া সাগর ইসলামের বিরুদ্ধে চুরির দুটি মামলা রয়েছে।
অন্যদিকে গ্রেপ্তার অপর দুই ব্যক্তির বিরুদ্ধে পূর্ববর্তী মামলার বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এদিকে সাভারসহ আশপাশের এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ এবং চুরি-ডাকাতি প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ সূত্র।