সাভারে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের ডিবি উত্তর এর পৃথক দুটি বিশেষ অভিযানে ৬২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুর ও রাতে সাভারের আমিনবাজার ও বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সাভার মডেল থানাধীন বড়দেশী পূর্বপাড়া এলাকার মৃত রাশেদের ছেলে মোঃ জাহিদুল ইসলাম রবিন (৪০), একই এলাকার নাছির উদ্দিনের ছেলে মোঃ আমানুল্যাহ আমান ওরফে আনিছ (৩০) এবং টাঙ্গাইলের মির্জাপুর থানার পাঁচদানা এলাকার শহিদুল রহমানের ছেলে মোঃ আবু বক্কর সিদ্দীক (২৩)। আবু বক্কর বর্তমানে সাভারের রাজাশন এলাকায় মনির পালোয়ানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ আঃ রাশেদ মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সোমবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন আমিনবাজার এলাকায় অভিযান চালান। এ সময় জাহিদুল ইসলাম রবিন ও আমানুল্যাহ আমান ওরফে আনিছকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৪ দশমিক ২ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১২ হাজার ৬০০ টাকা।
অন্যদিকে, একই দিন রাত ১০টা ১০ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন সাভার বাসস্ট্যান্ড এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন ডিবির এসআই মোঃ মনির হোসেন। সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় পরিচালিত এ অভিযানে মোঃ আবু বক্কর সিদ্দীককে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ২ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৬ হাজার টাকা।
ডিবি পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার জাহিদুল ইসলাম রবিনের বিরুদ্ধে আগে থেকেই দুটি মাদক মামলা রয়েছে। অপর গ্রেপ্তার আমানুল্যাহ আমান ওরফে আনিছের বিরুদ্ধে রয়েছে তিনটি মাদক মামলা। তবে তৃতীয় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পূর্ববর্তী মামলার বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।
দুটি অভিযানে সর্বমোট ৬২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ১৮ হাজার ৬০০ টাকা।
গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।